

স্টাফ রিপোর্টার, চাঁদপুর
চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ লোহারপোল–চালতা গাছতলা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বছরের পর বছর অবহেলায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে তলিয়ে যাওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের। স্থানীয়দের ভাষায়, এটি এখন আর একটি ভাঙাচোরা সড়ক নয়—এটি প্রতিদিনের আতঙ্কের আরেক নাম।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানঘর এলাকা থেকে চালতা গাছতলা পর্যন্ত কিছু অংশে বালু ও পাথর ফেলে সাময়িকভাবে সংস্কারের চেষ্টা করা হলেও চালতা গাছতলা থেকে লোহারপোল পর্যন্ত দীর্ঘ অংশ এখনও চরমভাবে ক্ষতিগ্রস্ত। খানাখন্দে ভরা এই সড়কে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সবচেয়ে নাজুক অবস্থা বিরাজ করছে ইউসুফ কোম্পানি মোড় এলাকায়। বৃষ্টির পানিতে গর্তগুলো ঢেকে যাওয়ায় অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চালকরা প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আহত হচ্ছেন। স্থানীয়দের দাবি, প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেই।
বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করেছে। জরুরি রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং কর্মজীবী মানুষের দৈনন্দিন চলাচল চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সড়কের বেহাল অবস্থার কারণে পরিবহন চলাচলেও সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট ও ভোগান্তি।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা চাঁদপুর পুরানবাজার থেকে লোহারপোল হয়ে মৃধ্যা বাড়ি মসজিদ পর্যন্ত পুরো সড়কটি দ্রুত টেকসই ও মানসম্মতভাবে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।
জনদুর্ভোগ নিরসন, নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত এবং সম্ভাব্য প্রাণহানি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের অন্যতম প্রধান দাবি
আপনার মতামত লিখুন :