

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে মোটরসাইকেলে ঝুঁকিপূর্ণ স্টান্ট (স্থানীয়ভাবে ‘বাউলি’ মারা) করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালিবাহী ট্রাকের নিচে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক একটি মোটরসাইকেলে করে স্টান্ট করছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁ থেকে রাজশাহীগামী দ্রুতগতির একটি ১০ চাকার বালিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয় এবং অপর একজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামের অফিজ উদ্দিনের ছেলে কাইয়ুম ইসলাম রাতুল (১৮) এবং সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিমন (১৯)।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত রাতুলের বড় ভাই স্বাধীন (২০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশের এসআই ইয়ামিন আলী, এসআই আব্দুর রহিম, এসআই শিমুলসহ পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত বালিবাহী ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
এদিকে, এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের আহাজারিতে স্থানীয়দের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :