

স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, জনগণের সব সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব নয়। তবে বর্তমান সরকারের কর্মসূচি ও ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রস্তাবনার আলোকে পর্যায়ক্রমে সবার সহযোগিতা নিশ্চিত করা হবে এবং পবা-মোহনপুরের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন করা হবে।
আজ রোববার ২ আগস্ট ২০২৬ দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের পুরাতন হলরুম চত্বরে অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের লক্ষ্যে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, নির্বাচনী এলাকার মানুষের নানা ধরনের সমস্যা রয়েছে। রাতারাতি সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে পরিকল্পিতভাবে পর্যায়ক্রমে প্রতিটি উপকারভোগীর কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ ছিল একটি কার্যকর ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা। জনগণের আস্থার ভিত্তিতেই বর্তমান সরকার সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, পবা-মোহনপুরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, পরিকল্পিত ও সমৃদ্ধ পবা-মোহনপুর গড়ে তোলা হবে।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য অতিদরিদ্র উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ করেন।
অটোরিকশা পেয়ে উপকারভোগী সারোয়ার জামান হাতেম বলেন, এই সহায়তা তাঁর পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছে। এখন তিনি নিয়মিত আয় করে পরিবারের ভরণপোষণ, সন্তানদের লেখাপড়ার ব্যয় এবং অন্যান্য প্রয়োজন মেটাতে পারবেন। সরকারের এ উদ্যোগের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। বক্তব্যে তিনি বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করে তুলতে সরকারের এ ধরনের কর্মসূচি অত্যন্ত কার্যকর। এসব সহায়তা শুধু একটি বাহন বা যন্ত্র প্রদান নয়, বরং একটি পরিবারের অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, বর্তমান সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, আব্দুল কাদেরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :