

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর মানবিক উদ্যোগে অবশেষে মাথা গোঁজার একটি স্থায়ী ঠিকানা পেতে যাচ্ছেন এক অসহায় ভ্যানচালক। নিঃস্ব পরিবারের দুর্দশার কথা জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন এমপি ধলু।
জানা গেছে, নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ভবানীনগর গ্রামের মৃত আলী জানের ছেলে মো. আব্দুল আজিজ পেশায় একজন ভ্যানচালক। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করে আসছিলেন তিনি। বসতভিটা থাকলেও জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে কষ্টে দিন কাটছিল তার।
অসহায় আব্দুল আজিজের বিষয়টি জানতে পেরে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে তার বাড়িতে ছুটে যান সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এ সময় তিনি ওই পরিবারের পাশে দাঁড়িয়ে আগামী এক সপ্তাহের মধ্যে একটি নতুন পাকা ঘর ও একটি উন্নত মানের পায়খানা নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন।
এমপির এমন মানবিক উদ্যোগে আব্দুল আজিজের পরিবারে নেমে এসেছে স্বস্তি ও আনন্দ। আবেগাপ্লুত হয়ে আব্দুল আজিজ বলেন, “সংসদ সদস্য মহোদয়ের এই সহায়তা আমার পরিবারের জন্য বড় আশীর্বাদ। এখন আমরা একটু ভালোভাবে বসবাস করতে পারব।”
এ বিষয়ে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, “এলাকার কোনো অসহায় মানুষ যেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আব্দুল আজিজের ঘর ও পায়খানা নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করে দেওয়া হবে।”
এলাকাবাসী এমপি ধলুর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করবে।
আপনার মতামত লিখুন :