

নিজস্ব প্রতিবেদক,
সরকারি চাকরিতে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত নিয়োগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ভূমি মন্ত্রণালয়। মাত্র ১২৫ টাকা খরচ করে, কোনো ধরনের উৎকোচ বা তদবির ছাড়াই নবনিযুক্ত পেশকাররা চাকরিতে যোগদান করেছেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে নবনিযুক্ত পেশকারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “সরকারি চাকরিতে স্বচ্ছ, সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। জনগণের সেবায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করাই হবে আপনাদের মূল লক্ষ্য। এই স্বচ্ছ মানসিকতাই ভবিষ্যতের সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে বড় প্রেরণা।”
তিনি নতুন কর্মকর্তাদের মা-বাবা ও শিক্ষকদের সম্মান অক্ষুণ্ণ রেখে সম্পূর্ণ সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, “গত দুই দশকের মধ্যে এত স্বচ্ছ ও সুষ্ঠুভাবে নিয়োগ সম্পন্ন হওয়ার নজির নেই। সরকারি অফিসে সেবা নিতে আসা জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। তাই ভূমি প্রশাসনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতিমুক্ত থেকে আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।”
ওরিয়েন্টেশনে নবনিযুক্ত পেশকাররাও সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি চাকরিতে যোগদানের সুযোগ পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :