

জন্মভুমি নিউজ ডেক্স
ঢাকা: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, স্বাস্থ্যগত কারণ এবং রাজনৈতিক দূরত্বের কারণে সৃষ্ট আস্থার সংকটের জেরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। আগামী এক সপ্তাহের মধ্যেই তিনি বঙ্গভবন ছাড়তে পারেন বলে জানা গেছে।
সম্প্রতি ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের দাবি করেন, কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি। ওই পোস্টে আরও বলা হয়, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম আলোচনায় রয়েছে।
এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খানের নাম আলোচনায় এলেও তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
সূত্র জানায়, পদত্যাগের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান। এর আগেও তিনি সেখানে হৃদরোগের চিকিৎসা করিয়েছেন।
তবে এ বিষয়ে সরকার বা বঙ্গভবনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন ছাত্র সংগঠন রাষ্ট্রপতির অপসারণের দাবি জানিয়ে আসছিল। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন। পরে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেওয়া মো. সাহাবুদ্দিন গত ৩ বছর ৩ মাস ধরে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
আপনার মতামত লিখুন :