পূর্বাহ্ণ ০৩:৪১
শনিবার
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথানল সেবনে দুই যুবকের মৃত্যু, কোনাবাড়ীতে চাঞ্চল্য


sohel প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন /
মিথানল সেবনে দুই যুবকের মৃত্যু, কোনাবাড়ীতে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: ইসলামী স্কলার আলহাজ্ব মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় মিথানল সেবনের অভিযোগে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন মোঃ রনি মিয়া (২০) ও মোঃ সজিব মিয়া (২২)। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত রনি মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের মোঃ মোস্তফা ইসলাম ও ঝুমা বেগমের ছেলে। তিনি আশুলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল কাদের মার্কেট এলাকার মোঃ মফিজ উদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অন্যদিকে, নিহত সজিব মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার জুলিয়ারের বাজার এলাকার আব্দুর রাজ্জাক ও মুর্শিদার ছেলে। তিনি কাঁচামালের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই সাগর নামের এক ব্যক্তি অ্যালকোহল বলে রনি ও সজিবকে মিথানল পান করান—এমন অভিযোগ উঠেছে। এর কিছু সময় পর থেকেই তাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে ১৫ জুলাই সকালে সজিব মিয়াকে এবং একই দিন বিকেলে রনি মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই ভোর সাড়ে ৪টায় সজিব মিয়া মারা যান। একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে মৃত্যুবরণ করেন রনি মিয়াও। তাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইফতেখার হোসেন বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত রয়েছি। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, মিথানল সেবনের অভিযোগের সত্যতা, এর উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।