

নিজস্ব প্রতিবেদক, বাগমারা (রাজশাহী):
রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনায় সংঘটিত গণহত্যার অভিযোগের বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অদ্য, উপজেলা জামায়াতে ইসলামীর আমির বাবুল হোসেইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. ওয়ারেশ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজ আমরা এক গুরুত্বপূর্ণ দাবিকে সামনে নিয়ে এই মানববন্ধন ও সমাবেশে উপস্থিত হয়েছি। আমাদের দাবি—জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনায় সংঘটিত গণহত্যার অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত বিচার।”
তিনি আরও বলেন, “কোনো নিরপরাধ মানুষের প্রাণহানি কখনোই গ্রহণযোগ্য নয়। যারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর অন্যায়, নির্যাতন বা হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের পরিচয় যাই হোক না কেন, আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।”
ডা. আব্দুল বারী বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে—এটাই আমাদের প্রত্যাশা। সরকারের প্রতি আহ্বান জানাই, জনগণের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচার প্রক্রিয়াকে দ্রুত ও নিরপেক্ষ করুন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়বিচার নিশ্চিত করুন।”
সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডা. মো. আলমগীর হোসেন এবং রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ইসমাইল আলম আল-হাসানী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ইব্রাহিম হোসেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌর জামায়াতের আমির শহিদুজ্জামান মীর, উপজেলা (বাগমারা পূর্ব) ছাত্রশিবিরের সভাপতি নাদিম মোস্তফা, উপজেলা (বাগমারা পশ্চিম) ছাত্রশিবিরের সভাপতি মিকদাদ হোসেন,সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :