
মোঃ মামুন সরদার, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিনের কর্মকর্তা ও কর্মচারীর তীব্র সংকট দেখা দিয়েছে। এতে স্বাভাবিক ভূমি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষকে। প্রয়োজনীয় জনবলের অভাবে দৈনন্দিন দাপ্তরিক কাজে যেমন অচলাবস্থা তৈরি হয়েছে, তেমনি কাক্সিক্ষত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
কাজের চাপে জর্জরিত কর্মকর্তা ও কর্মচারীরা
অনুসন্ধানে ও সংগৃহীত তথ্যে জানা গেছে, মোহনপুর ভূমি অফিসে অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা একেবারেই অপ্রতুল। শূন্য পদের পাল্লা ভারী হওয়ায় কর্মরত অল্পসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত কাজের চাপ সামলাতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে নিজের পদের পাশাপাশি অন্য পদের দায়িত্ব পালন করছেন। এর সরাসরি প্রভাব পড়ছে স্বাভাবিক সেবাদান প্রক্রিয়ায়—একটি ফাইলের নিষ্পত্তি হতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় পার হয়ে যাচ্ছে। ফলে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর মানসিক ও দাপ্তরিক চাপ যেমনি বাড়ছে, তেমনি বাড়ছে সেবা প্রার্থীদের অপেক্ষার প্রহর।
ভূমি সেবায় ভোগান্তি ও শঙ্কা
স্থানীয় সেবা প্রার্থীদের অভিযোগ, প্রয়োজনীয় জনবল না থাকায় ই-নামজারি (মিউটেশন), খতিয়ান প্রদান, ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ সংক্রান্ত কাজ এবং জমিজমাসংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। একাধিকবার অফিসে গিয়েও নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। স্থানীয়দের মতে, দ্রুত সময়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারীর পদ পূরণ না করা হলে মোহনপুর উপজেলার এই গুরুত্বপূর্ণ ভূমি অফিসে সেবার গতি পুরোপুরি স্থবির হয়ে পড়তে পারে।
জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ ও পদায়নের দাবি
উপজেলা পর্যায়ের একটি ভূমি অফিস স্থানীয় বাসিন্দাদের জমিজমাসংক্রান্ত আইনি জটিলতা নিরসন ও নাগরিক সেবা পাওয়ার অন্যতম প্রধান কেন্দ্র। সংবেদনশীল এই খাতের সেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় দক্ষ জনবল থাকা অপরিহার্য। তাই মোহনপুর উপজেলা ভূমি অফিসের সেবা কার্যক্রম গতিশীল করতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত খালি পদগুলোতে প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী পদায়নের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় সচেতন মহল।
আপনার মতামত লিখুন :