
ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাহাবুব আলম (বাগমারা, রাজশাহী):
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার মান-সম্মান ও সুনাম রক্ষার্থে বিতর্কিত, দুর্নীতিবাজ ও অর্থলোভী অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ তাজুল ইসলামের অবিলম্বে অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৪ই অক্টোবর, ২০২৬) সকাল ১১:৩০ মিনিটে মাদ্রাসার সামনের প্রধান সড়কে ‘অত্র এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ’-এর যৌথ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে মাদ্রাসার সর্বস্তরের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার কয়েকশত সচেতন নাগরিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ তোলেন, বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ তাজুল ইসলামের সীমাহীন অনিয়ম, স্বজনপ্রীতি, শিক্ষা তহবিল তছরুপ এবং নানা দুর্নীতির কারণে এই ঐতিহাসিক দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটির পঠন-পাঠন ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। তিনি প্রতিষ্ঠানের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থ রক্ষা ও অর্থলিপ্সাকেই প্রাধান্য দিয়ে আসছেন, যা কোনোভাবেই বরদাশত করা যায় না।
বক্তারা আরও বলেন, “আমরা এই ঐতিহ্যবাহী মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে চাই। আর সেজন্য একজন দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন— অনতিবিলম্বে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে তাকে অপসারণ করতে হবে এবং আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে।”
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা হাতে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও প্লেকার্ড নিয়ে অধ্যক্ষের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে দাবি বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে ওই বিতর্কিত অধ্যক্ষকে অপসারণ করে আইনের আওতায় আনা না হয়, তবে আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক গণ-আন্দোলন গড়ে তোলা হবে।
আপনার মতামত লিখুন :