
জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর
চাঁদপুরের পুরানবাজার সাবেক পুলিশ ফাঁড়ি মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মম ফ্যাক্টরি টুর্নামেন্ট। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টায় জমকালো আয়োজনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর জেলা মহিলা দলের প্রচার সম্পাদক ও শহর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী ফেরদৌসী আক্তার ঈশিতা।
বক্তব্যে ফেরদৌসী আক্তার ঈশিতা বলেন, “আমি চাঁদপুর পুরানবাজারবাসীর জন্য আমার জীবন উৎসর্গ করে দিতে চাই। ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মানুষের সেবা করার সুযোগ পেলে তাদের পাশে থেকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত পুরানবাজার গড়ে তুলতে কাজ করতে চাই। মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামী পৌরসভা নির্বাচনে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আমি ঈশিতা আক্তার ঈশিতা আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”
তিনি আরও বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে মাঠমুখী পরিবেশ তৈরির বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পুরানবাজার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম গাজী। এছাড়া উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মুন্সী, সহ-সাধারণ সম্পাদক; মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক; ১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজিসহ স্থানীয় নেতৃবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী।
টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে পুরানবাজার সাবেক পুলিশ ফাঁড়ি মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের প্রত্যাশা, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ আয়োজন।
আপনার মতামত লিখুন :