

মোঃ ইউনুস আলী
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন হোসনিগঞ্জ এলাকায় রাস্তায় জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও র্যাব-৫। যৌথ এই অভিযানে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নগদ অর্থ জরিমানা করা হয়।
মঙ্গলবার পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব-৫ এর একটি চৌকস দল।
অভিযান সূত্রে জানা যায়, হোসনিগঞ্জ এলাকার ব্যস্ত সড়কে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে মালামাল রাখা, অবৈধ পার্কিং এবং সাময়িক দোকানপাট বসিয়ে পথচারী ও যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটানো হচ্ছিল। এতে করে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল এবং যানজটের সৃষ্টি হচ্ছিল। জনভোগান্তি নিরসনে রাসিক ও র্যাব-৫ সমন্বিতভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানকালে সড়ক পরিবহন আইন ও সিটি কর্পোরেশন আইন অমান্য করে রাস্তা দখলের অপরাধে একাধিক ব্যবসায়ী ও আইন অমান্যকারী ব্যক্তিকে আটক করে জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে রাস্তা বা ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।
অভিযান শেষে অভিযান পরিচালনাকারী দল জানায়, নগরীকে সুশৃঙ্খল, যানজটমুক্ত ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :