

নিজস্ব প্রতিবেদক
নওগাঁর মান্দা উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ শমসের আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট মুল্লুক গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত শমসের আলী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটমুল্লুক গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালায় র্যাবের একটি চৌকস দল। অভিযানকালে শমসের আলীর বাড়ির পেছনে বাঁশঝাড়ের পাশ থেকে ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আটক করা হয় শমসের আলীকে। পরে উদ্ধারকৃত গাঁজা ও আটক মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মান্দা থানায় হস্তান্তর করে র্যাব।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। র্যাবের উদ্ধার করা গাঁজাসহ আটক আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :