

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
চাঁদপুর-পুরানবাজার সড়ক থেকে হাইমচর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, যাত্রী ও যানবাহন চালকরা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ সড়কটি দুই দফা সংস্কার করা হলেও ভারী বৃষ্টিপাত এবং অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচলের কারণে অল্প সময়ের মধ্যেই রাস্তার অবস্থা আবারও নাজুক হয়ে পড়ে। ফলে বর্তমানে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।
ভুক্তভোগীরা জানান, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার সময় এই সড়কের কারণে চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। এছাড়া প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রী ও পথচারীদের। সড়কের ধুলাবালি ও ভাঙাচোরা অবস্থার কারণে আশপাশের বসতবাড়ির বাসিন্দারাও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
স্থানীয়দের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে বর্তমান সরকারের আমলেও সড়কটির দুরবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি। দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে চাঁদপুর-পুরানবাজার–হাইমচর সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের মাধ্যমে নিরাপদ ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :