

নিজস্ব সংবাদদাতা
রামেকে এলো ২৮ কোটি টাকার বিদেশি ওষুধ, বিনামূল্যে পাবেন রোগীরা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে বায়োলজিক ড্রাগ অ্যাডালিমুমাবের দ্বিতীয় চালান এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ ৬৯৬টি সিরিঞ্জ গ্রহণ করেছে বলে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এই অত্যন্ত ব্যয়বহুল ওষুধটি রামেক হাসপাতালে ভর্তি হওয়া ল্যাবরেটরি-নিশ্চিত অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজসহ কয়েকটি জটিল রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে দেওয়া হবে।
আমেরিকার বাজারমূল্য হিসেবে এ চালানের ওষুধের মূল্য প্রায় ২৮ কোটি টাকা।
রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ রোগী নির্বাচন ও ওষুধ প্রয়োগ কার্যক্রম তদারকি করবেন। রোগের ধরন, পরীক্ষার ফলাফল এবং চিকিৎসা নির্দেশনা অনুযায়ী উপযুক্ত রোগীদের এই ওষুধ দেওয়া হবে।
হাসপাতাল সূত্র আরও জানায়, অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদের সরাসরি সম্পৃক্ততা এবং হাসপাতাল পরিচালকের সহযোগিতায় ডিরেক্ট রিলিফের এ সহায়তা রামেকে পৌঁছেছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ডিরেক্ট রিলিফ থেকে অ্যাডালিমুমাবের দ্বিতীয় চালানের ৬৯৬টি সিরিঞ্জ বৃহস্পতিবার সকালে হাসপাতালে পৌঁছেছে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী যোগ্য রোগীদের বিনামূল্যে এ ওষুধ দেওয়া হবে। উচ্চমূল্যের কারণে সাধারণ রোগীদের পক্ষে এ ওষুধ গ্রহণ করা কঠিন। ফলে বিনামূল্যে এ ওষুধ পাওয়ার সুযোগ রোগীদের জন্য বড় সহায়তা হিসেবে বিবেচিত হবে
আপনার মতামত লিখুন :