

মোঃআইয়ুবআলী, লালপুর (নাটোর) :
নাটোরের লালপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে শ্রী উত্তম কুমার সরকার (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত যুবক মাদকাসক্ত ছিলেন।
সোমবার ১ জুন লালপুর থানাধীন দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর সুন্দর বাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত উত্তম কুমার সরকার মহেশ্বর সুন্দর বাড়িয়া গ্রামের গৌর চন্দ্র সরকারের ছেলে। ঘটনার সময় তিনি নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের হুকের সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
নিহতের বড় ভাই অনুপ সরকার (৪০), যিনি একই গ্রামে পৃথক বাড়িতে বসবাস করেন, বিকেলে ভাইকে খুঁজতে উত্তম কুমারের একতলা বাড়িতে যান। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। সেখানে উত্তম কুমারকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে দড়ি কেটে নিচে নামালে দেখতে পান যে তিনি ততক্ষণে মারা গেছেন।
খবর পেয়ে লালপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) গোলাম মোর্শেদ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে ভিকটিম মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
এ বিষয়ে লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :