

আমাদের জন্মভূমি নিউজ ডেক্স
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। রোববার তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর হজ পালনকালে মৃত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া দুই হাজি হলেন মো. আবদুল মজিদ ও মো. শাহজাহান আলী।
এর মধ্যে মো. আবদুল মজিদের বাড়ি নওগাঁ জেলায়। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। অপরদিকে ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা মো. শাহজাহান আলী মক্কায় মারা যান।
চলতি মৌসুমে সৌদি আরবে মারা যাওয়া ৪১ বাংলাদেশি হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাঁদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে মক্কায় এবং ১১ জনের মৃত্যু হয়েছে মদিনায়।
এদিকে পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন।
চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। অন্যদিকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। তাঁদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন।
সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনে অংশ নেন।
আপনার মতামত লিখুন :