

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার-খুলনা
খুলনার ঐতিহাসিক খান জাহান আলী মাজারের দিঘিতে কুমিরের হামলায় ৮ বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাজার সংলগ্ন দিঘির পাড়ে অবস্থানকালে হঠাৎ একটি কুমির শিশুটিকে টেনে পানির নিচে নিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালালেও তাৎক্ষণিকভাবে কোনো সাফল্য পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। পাশাপাশি মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসন, মাজার কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।
উদ্ধারকারী দল শিশুটির সন্ধানে দিঘির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দিঘি এলাকায় সতর্কতা জোরদার করার দাবি উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং শিশুটির সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :