

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। তিনি বলেন, “আজকের কোমলমতি শিশুরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশের নির্মাতা। তাদের হাত ধরেই গড়ে উঠবে একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ।” তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সততা, শৃঙ্খলা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতায় নিজেদের বিকশিত করার আহ্বান জানান।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘কিন্ডার’ অর্থ শিশু এবং ‘গার্ডেন’ অর্থ বাগান। অর্থাৎ, কিন্ডারগার্টেন হলো শিশুদের বিকাশের বাগান—যেখানে কোমলমতি শিশুরা ভালোবাসা, যত্ন, আদর্শ শিক্ষা ও নৈতিক মূল্যবোধের আলোয় বেড়ে ওঠে। তিনি বলেন, একটি শিশুর প্রকৃত সাফল্য শুধু ভালো ফলাফলে নয়; বরং তার চরিত্র, মানবিকতা, শিষ্টাচার ও দেশপ্রেমে নিহিত। তাই সন্তানদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি. এম. শাহ আলম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হোসাইন। তারা বলেন, বৃত্তি অর্জন শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি তাদের পরিবার, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানেরও গৌরব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি ও সেনহাটি আইডিয়াল কে.জি. স্কুলের প্রধান শিক্ষক মো. মনজুরুল ইসলাম। তিনি শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, দিঘলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক লায়লা নাসরিন লিনা।
এ সময় উপস্থিত ছিলেন চাইল্ড হ্যাভেন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক নাদিয়া সুলতানা, গাজী হালিম স্মৃতি স্কুল, চন্দনীমহলের প্রধান শিক্ষক ওমর ফারুক, স্বরবর্ণ একাডেমির প্রধান শিক্ষক পায়রা খাতুন, আল-ছেঁড়া কিন্ডারগার্টেন, বারাকপুরের প্রধান শিক্ষক পল্লব দাসসহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে ২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় করতালি, উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের সাফল্য উদযাপিত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে নতুন প্রেরণা জোগাবে এবং মানসম্মত শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :