
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
মোঃ কায়েস উদ্দিন
নাটোরের বড়াইগ্রামে ডাকাতির সময় স্থানীয়দের ধাওয়ায় পিস্তলের ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি ও জুতা-স্যান্ডেল ফেলে পালিয়েছে ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় পরিমল নামে এক বিকাশ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়াইগ্রাম উপজেলার ১ নম্বর জোয়াড়ী ইউনিয়নের ভূমি অফিস সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকাশ ব্যবসায়ী পরিমল বনপাড়া বাজার থেকে অটোরিকশায় করে কুমরুলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকা থেকে ভূমি অফিস সড়কে প্রবেশ করলে ডাকাত দল অটোরিকশার গতিরোধ করে। এ সময় তারা পরিমলের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাঁকে মারধর করে।
এ সময় অটোরিকশাচালক আরমান ও যাত্রী আলামিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পালানোর সময় তারা পিস্তলের ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি ও জুতা-স্যান্ডেল ফেলে যায়।
খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব আলামত উদ্ধার করে। আহত পরিমলকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত পরিমলের ভাই গৌতম জানান, তাঁর ভাইয়ের মাথার পেছনে গুরুতর আঘাত লেগেছে এবং সেখানে তিনটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া ডান হাতের হাড় ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ৭.৬২ এমএম-এর দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :