
এম, এ কাশেম , বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশানুসারে খেলাধুলার মাধ্যমে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলাকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে ছাত্রদল ক্রীড়া কমিটির যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন।
তিনি তার নামে নামকরণ করে মীরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া পরিষদের আয়োজনে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা শুরুর উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার সমন্বয়ে গঠিত ১৬২টি ওয়ার্ড পর্যায়ের খেলা শেষ হওয়ার পর গতকাল ৭ নভেম্বর শনিবার) থেকে আবার শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা। এ দিন বিকালে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের প্রথম খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-১মিরসরাই আসনের বিএনপি’র এমপি নুরুল আমিন।
উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির আয়োজনে উক্ত উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ১০ নং মিঠানালা ইউনিয়ন ক্রীড়া দল ও ৪ নং ধুম ইউনিয়ন ক্রীড়া দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে ৪-১ গোলের ব্যবধানে জয় লাভ করে ৪ নং ধুম ইউনিয়ন ক্রীড়া দল।
উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির আহ্বায়ক তারিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব নাঈম সরকারের সার্বিক ব্যবস্থাপনায় খেলা পরিচালনার মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লায়ন তাহের আহমেদ, মোহাম্মদ আলমগীর, আজিজুর রহমান চৌধুরী, গাজী নিজাম উদ্দিন, দিদারুল আলম মিয়াজী, আমিনুল ইসলাম তৌহিদ, কাজী রেজাউল করিম, সেলিম উদ্দিন হাজারী, মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সরোয়ার উদ্দিন সেলিম, গোলাম জাকারিয়া, কৃষকদল নেতা আশরাফ উদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :