

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে দায়িত্ব পালনরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে ৫৪ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির দাবি, আটক কনস্টেবলের ব্যবহৃত মোটরসাইকেলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রামু সেক্টরের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ আলী ওরফে মুন্না সিকদার (২৭) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত নুরুল বশরের ছেলে। তিনি ১৬ এপিবিএনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেল সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মুন্না সিকদারের কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলে ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে দাবি বিজিবির।
পরে তার দেখানো মতে মোটরসাইকেলের বিভিন্ন অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৭০টি পুঁটলি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে পুঁটলিগুলো গণনা করে মোট ৫৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বিজিবির হিসাবে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।
অভিযানে তার কাছ থেকে দুটি আইফোন, নিবন্ধনবিহীন একটি পুরোনো মোটরসাইকেল এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে টেকনাফে ১৬ এপিবিএনে দায়িত্ব পালন করে আসছিলেন।
আটক ব্যক্তি, উদ্ধার হওয়া ইয়াবা ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।
আপনার মতামত লিখুন :