

বিশেষ প্রতিনিধি:
টানা বর্ষণ ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলজটে চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের আসাম কলোনি রবের মোড় এলাকার হাজারো অধিবাসী। দীর্ঘদিন ধরে স্থায়ী কোনো সমাধান না থাকায় সামান্য বৃষ্টিতেই সয়লাব হয়ে পড়ছে পুরো এলাকা। অলি-গলি ও মূল রাস্তায় পানির তীব্র স্রোত বয়ে চলায় কার্যত পানিবন্দী ও গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, ১৮ নম্বর ওয়ার্ডের রবের মোড় সংলগ্ন সড়ক ও গলিগুলো হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। পানি ঢুকে পড়েছে বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটেও। ফলে যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ; বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের জরুরি প্রয়োজনে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় অধিবাসীদের অভিযোগ— বারবার বিষয়টি নজরে আনা হলেও দীর্ঘদিনের এই জলবদ্ধতা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা আকুল কণ্ঠে প্রশ্ন তোলেন, “আর কতদিন আমাদের এই ভোগান্তি পোহাতে হবে?” আসাম কলোনি রবের মোড় এলাকার মানুষের দাবি— অনতিবিলম্বে ১৮ নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন ও ড্রেনেজ অবকাঠামো সংস্কার করে এই স্থায়ী দুর্ভোগ থেকে তাদের মুক্তি দেওয়া হোক।
আপনার মতামত লিখুন :