

নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতরা হাটে স্থানীয় জনগণের সহায়তায় আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে ছাতরা বাজারের সাপ্তাহিক গরুর হাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মান্দার পাড়ার মৃত কুদ্দুস মিয়ার ছেলে মো. জজ মিয়া (৫০) এবং একই জেলার সরমান্দি ইউনিয়নের ওরুন্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. রানা (৩১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ছাতরা বাজারের সাপ্তাহিক গরুর হাট থেকে সংঘবদ্ধ একটি চোর চক্র কৌশলে একটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পূর্ব থেকে প্রস্তুত রাখা একটি পিকআপ ভ্যানে তুলে চোরের দল চম্পট দেওয়ার চেষ্টা করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তাদের ধাওয়া করে জনগণের সহায়তায় পুলিশ ২ চোরকে আটক করে। এ সময় চুরি হওয়া ১টি গরু এবং চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানা-পুলিশ জানায়, আটককৃতরা একটি সংগঠিত আন্তঃজেলা গরুচোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :