অপরাহ্ণ ০৪:৪৮
মঙ্গলবার
২৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নোচনাহার আম আড়ৎ সমিতির সভাপতিসহ তিনজনের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ।


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন /
নোচনাহার আম আড়ৎ সমিতির সভাপতিসহ তিনজনের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার আম আড়ৎ সমিতির সভাপতি জিয়াউর রহমানসহ তিন ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে নোচনাহার মোড়ের দোকানপাট বন্ধ রেখে নোচনাহার বাজার বণিক সমিতি ও আম আড়ৎ সমিতির সদস্যরা নওগাঁ-সারাইগাছি আঞ্চলিক সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে নোচনাহার বাজারে সংবাদ সম্মেলন করে তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, আম আড়ৎ সমিতির সভাপতি জিয়াউর রহমান, সদস্য মনিরুল হক (মনি) ও আমিনুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও সাজানো মামলা দায়ের করা হয়েছে।

লিখিত বক্তব্যে ব্যবসায়ী নেতারা বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নোচনাহার বাজার বণিক সমিতি ও আম আড়ৎদার সমিতির উদ্যোগে পাওনা টাকা সংক্রান্ত একটি বিরোধের স্থানীয়ভাবে আপস-মীমাংসা করা হয়। ওই সালিশে বিবাদী আশরাফ আলী উপস্থিত প্রায় শতাধিক মানুষের সামনে পাওনা টাকার বিষয়টি স্বীকার করেন এবং টাকা পরিশোধের অঙ্গীকার করেন। একই সঙ্গে জামানত হিসেবে সমিতির কাছে তার স্বাক্ষরিত দুটি ব্যাংক চেক ও লিখিত স্ট্যাম্প প্রদান করেন।

ব্যবসায়ী নেতাদের দাবি, পরবর্তীতে ওই চেককে কেন্দ্র করে সালিশে উপস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হয়। তাদের অভিযোগ, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।

এ ঘটনায় পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা চাওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা দ্রুত মামলাটি প্রত্যাহার করে বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি জানান। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিষয়টির দ্রুত সমাধান না হলে সমিতির আওতাধীন সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় নোচনাহার বাজার বণিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম (মনি), সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সদস্য মোস্তাফিজুর রহমান, আম আড়ৎ সমিতির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সুমন, উপদেষ্টা আব্দুল মান্নানসহ দুই সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

2

2