

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পুঠিয়ায় মহাসড়কে চালক ও বেপারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৯টি মহিষ ও ট্রাক ডাকাতির ঘটনার মূলহোতা মোঃ জুয়েল রানা ওরফে সানি (৪০)-কে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে ফরিদপুর জেলার কোতোয়ালী থানার এ্যামাজন হোটেলের ৩০৪ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৫, রাজশাহী ও র্যাব-১০, ঢাকার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান চালায়। গ্রেফতারকৃত জুয়েল রানা একাধিক ডাকাতি মামলার পেশাদার আসামি।
র্যাব জানায়, গত ১ জুলাই রাত আনুমানিক ৩:২০ ঘটিকায় সিলেট থেকে মহিষ নিয়ে রাজশাহী আসার পথে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়ায় ১৫-২০ জনের একদল ডাকাত একটি ড্রাম ট্রাক দিয়ে মহিষভর্তি ট্রাকের গতিরোধ করে। ডাকাতরা বেপারী ও চালককে জিম্মি করে প্রায় ২৩ লক্ষ টাকা মূল্যের ১৯টি মহিষ এবং ২৫ লক্ষ টাকা মূল্যের ৬ চাকার ট্রাকসহ মোট ৪৮ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে ভিকটিমদের নাটোরের বড়াইগ্রামে ফেলে রেখে যায়।
এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা (নং-০১, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) দায়ের করা হলে অনুসন্ধানে নেমে র্যাব আসামির অবস্থান সনাক্ত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জুয়েল রানা ডাকাতির সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে ফরিদপুর জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :