

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মা-বাবা হারা ১২ বছরের এক অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগে শাওন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।
মঙ্গলবার (৮ জুলাই ২০২৬) উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া নগরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শাওন একই এলাকার সাইদুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত শাওন জোরপূর্বক ওই শিশুকে ধর্ষণ করে। ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। অবুঝ শিশুটির অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শিশুটির জন্মের দুই বছর পর বাবা মারা যান। পরে মা অন্যত্র বিয়ে করলে শিশুটি প্রতিবন্ধী নানা-নানির কাছে মানবেতর জীবনযাপন করছিল। অভিযুক্ত শাওন এর আগেও একাধিকবার নারী নির্যাতনের সাথে জড়িত ছিল বলে এলাকাবাসী অভিযোগ করেন। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না।
এ ঘটনার পর এলাকাবাসী রাস্তায় নেমে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম বলেন, “শিশু ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :