

মাথা নিচু করে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন। চোখের জল ফেলতে ফেলতে মাঠ ছেড়েছেন। আর কোনও দিন বিশ্বকাপ মঞ্চে তাঁকে দেখা যাবে না। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানিয়ে দিয়েছিলেন, স্পেনের বিরুদ্ধে হারলে সেটাই হবে বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ। তবে তাঁর দল ছিটকে গেলেও নিজের প্রাপ্তির কথা জানালে ভুললেন না ক্রিশ্চিয়ানো। জানিয়ে দিলেন, বিশ্বকাপ না জিতলেও ফুটবলবিশ্ব কিংবদন্তির স্থানেই রাখবে তাঁকে। তিনি আসার আগে পর্তুগাল তো কিছুই জেতেনি।
খেলা শেষে সাংবাদিকদের সামনে রোনাল্ডো জানিয়েছেন, তিনি পর্তুগালের জার্সি গায়ে চাপানোর আগে বিশ্বমঞ্চে পর্তুগাল তো কিছুই জিততে পারেনি। কিন্তু তাঁর সময়ে তিনটি ট্রফি ঢুকেছে দেশের ক্যাবিনেটে। রোনাল্ডো বলেন, “আমি পর্তুগালের হয়ে তিনটে ট্রফি জিতেছি। আমি আসার আগে পর্তুগাল একটা ট্রফিও জিততে পারেনি। এটাই বাস্তব।”
রোনাল্ডোর সময়ে পর্তুগাল ২০১৬ সালের ইউরো কাপ এবং ২০১৯ ও ২০২৫ সালের নেশনস লিগ জিতেছে। ইউরো কাপকে বিশ্বকাপের সঙ্গে তুলনা করেন রোনাল্ডো। তিনি বলেন, “পর্তুগাল এখনও পর্যন্ত সবচেয়ে বড় ট্রফি জিতেছে ২০১৬ সালে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সত্যি বলতে ইউরো কাপ জয় আমার কাছে বিশ্বকাপ জেতারই সমান।”
রোনাল্ডোর এই কথার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমাজমাধ্যমে। রোনাল্ডোর ভক্তদের মতে, ঠিকই তো বলেছেন সিআর৭। বিশ্বকাপে ইউরোপের দেশগুলি দাপট দেখায়। ফ্রান্স গত দু’বার বিশ্বকাপের ফাইনাল খেলেছে। এক বার জিতেছে। এ বারও তাদের চ্যাম্পিয়নের মতো দেখাচ্ছে। সেই ফ্রান্সকে হারিয়েই তো ইউরো কাপ জিতেছে পর্তুগাল।
বিশ্বকাপের শেষ ম্যাচ খেললেও রোনাল্ডো এখনও জানাননি পর্তুগালের হয়ে আর খেলবেন কি না। তিনি বলেছেন, ‘‘আপাতত বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছি। এখন পরিবারের সঙ্গে সময় কাটাব। তাড়াহুড়ো করে ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চাই না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার অনেক সময় আছে।’’
রোনাল্ডো মনে করেন, স্পেন অনেক বেশি সুযোগ পেয়েছে। বলেছেন, ‘‘ভাগ্য ওদের সঙ্গ দিয়েছে। আমরা সুযোগ তৈরি করতে পারিনি। ওরা করেছে। ভাল খেলেছে তাই জিতেছে।’’
আপনার মতামত লিখুন :