

নিজস্ব সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় অনুমতিবিহীন পুকুর খনন, কৃষি জমির টপসয়েল কাটা ও অবৈধভাবে মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি ভেকু (এক্সকাভেটর) মেশিন স্পটে অকেজো করা হয়।
মঙ্গলবার (২৬ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার মাড়িয়া ইউনিয়নের বামনকয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞার নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে বাগমারা থানা পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বামনকয়া এলাকায় অনুমতি ছাড়াই পুকুর খননের জন্য ভেকু মেশিন নামিয়ে কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটা, ফসলি জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা এবং মাটি পরিবহনের কার্যক্রম শুরু করা হয়। এতে স্থানীয়দের চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় ঘটনাস্থলে থাকা ২টি ভেকু মেশিন অকেজো করে দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা সরে পড়ে বলে জানা গেছে।
বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা বলেন, “অনুমতি ছাড়া পুকুর খনন, কৃষি জমির টপসয়েল কাটা ও জমির শ্রেণি পরিবর্তন আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে ভেকু মেশিন নামিয়ে মাটি কাটবে বা পুকুর খননের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তন করলে বিধি মোতাবেক সংশ্লিষ্ট জমির মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। দিন-রাত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ পুকুর খনন বা কৃষিজমি নষ্টের তথ্য পেলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে
আপনার মতামত লিখুন :