

আমাদের জন্মভুমি ডেস্ক;
রাজশাহী মহানগরীতে ২ ছিনতাইকারীকে আটক করেছেন কর্ণহার থানা পুলিশের একটি টিম । এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে ।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর পবা থানার দুয়ারী গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ নাইমুর রহমান দিপ্ত ও কর্ণহার থানার ধর্মহাটা গ্রামের মোঃ মোস্তাকিম আলীর ছেলে আহম্মেদ আলী সাগর ।
ঘটনা সূত্রে জানা গেছে, মোঃ রনি ইসলাম গত ২৮ জানুয়ারি ২০২২ রাত সাড়ে ৭ টায় তার ব্যক্তিগত প্রয়োজনে কর্ণহার থানার রাধানগর দারুসা বাজারে গেলে, এসময় তার পিছন দিক থেকে আসা মোটরসাইকেলে তিনজন আরোহী রনির হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়, রনি চিৎকার করলে, তার চিৎকার শুনে দারুসা বাজারে থাকা কর্ণহার থানার টহল পুলিশ আসামীদের মোটর সাইকেলসহ আটক করার চেষ্টা করেন । একপর্যায়ে আসামীরা মোটর সাইকেল ফেলে রাতের অন্ধকারে পালিয়ে গেছে । থানা পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে নিয়ে যান ।
উক্ত ঘটনায় কর্ণহার থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেনের নেতৃত্বে কর্ণহার থানা পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতার অভিযানে নামলে পরবর্তীতে গত ২৯ জানুয়ারি ২০২২ মোটর সাইকেলের সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে এবং সাইবার ক্রাইম ইউনিটের দেয়া তথ্যে আসামীদের অবস্থান সনাক্ত করেন।এরপর অভিযান পরিচালনা করে তানোর থানা পুলিশের সহায়তায় তানোর থানার জুড়ানপুর এলাকা থেকে ছিনতাইকারী দিপ্তকে গ্রেফতার করে এবং রনির ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করেছেন পুলিশ ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে পবা থানা পুলিশের সহায়তায় পবা থানার বসন্তপুর এলাকা হতে আসামী সাগরকে গ্রেফতার করা হয়। অপর আসামীকে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে
আপনার মতামত লিখুন :