

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিভিন্ন দেশে বিমান চলাচলের ওপর প্রভাব পড়েছে
আর সেই প্রভাবের কারণে বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় ও বিপর্যয় ঘটেছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত এক মাসে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার রুটের ২১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফলে, ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
সোমবার (৩০ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সংবাদ মাধ্যমকে জানান, আজও ৬ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল বাতিল হওয়া ফ্লাইট গুলোর মধ্যে রয়েছে-বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবি থেকে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহ থেকে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট।
তবে, এ’দিন মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ৫ টি আগমন ও ৪ টি বহির্গমন ফ্লাইট স্বাভাবিক ভাবে উঠানামা করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলের স্থবিরতা এখনো কাটেনি।
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল আরো বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ২১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
আপনার মতামত লিখুন :