

মেঃআইয়ুব আলী, লালপুর(নাটোর) প্রতিনিধি:
বাজার মনিটরিং জোরদারকরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।আজ ৭ জুলাই উপজেলার প্রধান লালপুর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রয় নিশ্চিত করতে বিভিন্ন গ্যাস সিলিন্ডারের দোকান সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং অতিরিক্ত মূল্য না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।একই অভিযানে জনগণের নিরাপদ খাদ্যের অধিকার রক্ষায় বাজারের বিভিন্ন খাবার হোটেলে তদারকি করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খোলা জায়গায় জিলাপি রাখা এবং দইয়ের প্যাকেটে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকার অপরাধে দুইটি হোটেলকে তাৎক্ষণিকভাবে সর্বমোট ৮,০০০/- (আট হাজার) টাকা জরিমানা করা হয়।
লালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় লালপুর থানা পুলিশের একটি টিম সক্রিয় ভূমিকা পালন করে।
আপনার মতামত লিখুন :