অপরাহ্ণ ০২:৩৫
মঙ্গলবার
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের পটিয়ায় বাপের বাড়ি থেকে দাবিকৃত জিনিস না আনায় নির্যাতনে অন্তঃ সত্ত্বা স্ত্রীর মৃত্যুর অভিযোগ


sohel প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন / ০
চট্টগ্রামের পটিয়ায় বাপের বাড়ি থেকে দাবিকৃত জিনিস না আনায় নির্যাতনে অন্তঃ সত্ত্বা স্ত্রীর মৃত্যুর অভিযোগ
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় বাপের বাড়ি থেকে দাবিকৃত জিনিস না আনায় নির্যাতনে অন্তঃ সত্ত্বা স্ত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, তানিয়া কামাল নিহাত (২১) নামে ৯ মাসের অন্তঃ সত্ত্বা এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। তানিয়ার বাবা মোহাম্মদ কামাল উদ্দিনের অভিযোগ, গত ঈদে শ্বশুরবাড়ির লোকজন তানিয়ার জন্য নতুন কাপড় চোপড় ও উপহার দাবি করেছিলেন। রমজান মাসে তিনি সাধ্যমতো উপহার দিলেও সম্প্রতি আবারও কাপড় চোপড় ও যৌতুক দাবি করা হয়।
ঘটনার দিন ২৫ অক্টোবর (রোববার) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মোনাফ হাজির পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনায় তানিয়ার স্বামী নুর উদ্দিন (২৫) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে সূত্র থেকে প্রাপ্ত তথ্যে প্রকাশ।
নিহতা তানিয়া পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হরিণখাইন গ্রামের মোহাম্মদ কামাল উদ্দিনের মেয়ে। তার স্বামী নুর উদ্দিন একই উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোনাফ হাজির পাড়ার কাঞ্চন মিয়ার পুত্র।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানায়, তানিয়া ও নুর উদ্দিনের মধ্যে চার থেকে পাঁচ বছর প্রেমের সম্পর্ক ছিলো। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর প্রথম দিকে সংসার ভালোভাবে চললেও কিছুদিন পর পারিবারিক কলহ শুরু হয় তাদের মধ্যে। নিহতার পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে তানিয়াকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
তানিয়ার বাবা মোহাম্মদ কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, গত ঈদে শ্বশুরবাড়ির লোকজন তানিয়ার জন্য নতুন কাপড়চোপড় ও উপহার দাবি করেছিলেন। রমজান মাসে তিনি সাধ্যমতো উপহার দিলেও সম্প্রতি আবারও কাপড়চোপড় ও যৌতুক দাবি করা হয়। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় সেই দাবি পূরণ করা সম্ভব হয়নি।
তার অভিযোগ, এ ঘটনাকে কেন্দ্র করে তানিয়ার ওপর নির্যাতন শুরু হয়। বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ-বৈঠকও হয়। তবে, তাতেও সমস্যার সমাধান হয়নি।
পটিয়া উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন, তানিয়া ও নুর উদ্দিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে সম্মান জানিয়ে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে দেয়া হয়েছিলো। বিয়ের পর যৌতুকের কারণে এভাবে একটি প্রাণ ঝরে যাবে, তা কেউ কল্পনাও করেননি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গৃহবধূর স্বামী নুর উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

2

2