
জেলা প্রতিনিধি:-
নওগাঁর মান্দায় স্বামীর বন্ধুর কাঁচাবাজার নিয়ে আসাকে কেন্দ্র করে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা, মিথ্যা সম্পর্কের অপপ্রচার এবং ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করেছেন সংবাদ সম্মেলন করেছেন শ্রীমতি সীমা রানী দাস।
শনিবার (৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে সীমা রানী দাস বলেন, গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তার স্বামীর বন্ধু জিয়াবুল রহমান জিয়া তাদের বাড়িতে কাঁচাবাজার দিতে আসেন। এ সময় তার দেবর সুমন কুমার দাস বিষয়টি দেখতে পেয়ে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে সেখানে আসেন। এরপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সমাজের কাছে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়।
সীমা রানী দাসের অভিযোগ, তার দেবর সুমন কুমার দাস ও তার সঙ্গে আসা ব্যক্তিরা তাকে ও জিয়াবুলকে নিয়ে বিভ্রান্তিকর কথা ছড়াতে থাকেন। একপর্যায়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশ ডেকে আনা হয়। পরে পুলিশ তাদের নিয়ে যায়।
তিনি বলেন, বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে তার সঙ্গে জিয়াবুলের অনৈতিক সম্পর্ক রয়েছে—এমন মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। শুধু তাই নয়, তার ও তার স্বামীর ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ছবি বিকৃত করে জিয়াবুলের ছবি সংযুক্ত করা হয়েছে। পরে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
লিখিত বক্তব্যে সীমা রানী দাস আরও বলেন, তার দেবর সুমন কুমার দাসের বিরুদ্ধে আদালতে একটি মামলা চলমান রয়েছে এবং তিনি ওই মামলার বাদী। মামলাটি তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি মামলা তুলে না নেওয়ায় তাকে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এছাড়াও তাকে ও জিয়াবুলকে জড়িয়ে যে সম্পর্কের কথা প্রচার করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। কাঁচাবাজার নিয়ে আসাকে কেন্দ্র করে একটি স্বাভাবিক ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে তাঁর চরিত্রহনন করা হচ্ছে। এ ধরনের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
আপনার মতামত লিখুন :