
ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে বর্ডার গার্ড বাংলাদেশ (৫১ বিজিবি)-এর সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক সফল অভিযানে ২৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (০৩ অক্টোবর ২০২৬) শেষ রাতে ডোমার থানাধীন বামোনিয়ার খামারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ থানারহাট বিওপির একটি টহলদল সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে মেইন পিলার ৭৯০ হতে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা থেকে ইয়াবা হস্তান্তরের খবর পেয়ে বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান নেন। রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় দুই ব্যক্তি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি টহলদল তাদের থামার সংকেত দেয়। এসময় তারা মোটরসাইকেল ফেলে রেখে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।
আটককৃতদের পরিচয়:
১. মোঃ মিজানুর রহমান (৪৭), পিতা: তসলিম উদ্দিন, গ্রাম: পশ্চিম কালীগঞ্জ, ডাকঘর: দারাজগঞ্জ, থানা: ডিমলা, জেলা: নীলফামারী।
২. মোঃ গোলাপ (২৬), পিতা: মৃত বিতুল, গ্রাম: চিলাহাটি মাস্টারপাড়া, ডাকঘর: চিলাহাটি, থানা: ডোমার, জেলা: নীলফামারী।
উদ্ধার ও জব্দকৃত মালামাল:
আটক ব্যক্তিদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে উদ্ধার করা হয়:
২৭ পিস ইয়াবা ট্যাবলেট
০২টি উইন কারেক্ট সিরাপ
০১টি ১৫০ সিসি ইয়ামাহা মোটরসাইকেল
০১টি ১৬০ সিসি অ্যাপাচি RTR মোটরসাইকেল
০১টি লোহার ছুরি
০২টি মোবাইল সেট (১টি স্মার্ট ও ১টি বাটন ফোন) এবং ২টি সিম কার্ড।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪,২৩,৭০০ (চার লাখ তেইশ হাজার সাতশত) টাকা।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক চালানের সাথে জড়িত। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে নীলফামারীর ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :