পূর্বাহ্ণ ০৪:৫৫
রবিবার
২০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের চিরিরবন্দরে বিধবা নারীকে গণধর্ষণের মূল হোতা নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার


sohel প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন / ০
দিনাজপুরের চিরিরবন্দরে বিধবা নারীকে গণধর্ষণের মূল হোতা নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের চিরিরবন্দরে এক বিধবা নারীকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ শাহিন (৪৫)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ২ অক্টোবর রাত ৯:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চট্টগ্রাম রোড এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত শাহিন চিরিরবন্দর থানার ফলিমারী বজরারডাঙ্গা গুচ্ছগ্রামের মৃত রইস উদ্দীনের ছেলে এবং ভুক্তভোগী নারীটির সম্পর্কে চাচাশ্বশুর।
​কী ঘটেছিল:
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে স্বামীর ভিটাতেই বসবাস করছিলেন ভুক্তভোগী বিধবা নারী। আসামি শাহিন দীর্ঘদিন বিদেশে অবস্থান শেষে সম্প্রতি দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই তিনি ওই নারীকে নানা কু-প্রস্তাব দিতে থাকেন এবং পারিবারিক সহায়তা করার প্রলোভন দেখাতেন।
​গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ৮:০০ ঘটিকার সময় শাহিন ওই নারীর বাড়িতে গিয়ে তাকে ডেকে বাইরে নিয়ে আসেন। তিনি বের হওয়া মাত্রই তাকে জোরপূর্বক বাড়ির খড়ি (জ্বালানি) ঘরে নিয়ে গিয়ে প্রথমবার ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে দুই সন্তানকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপর ভয় দেখিয়ে তিনি আরও একাধিকবার ওই নারীকে নির্যাতন করেন।
​পরবর্তীতে শাহিনের মদদে মামলার অন্যান্য আসামিরাও ওই নারীর ওপর পৈশাচিক নির্যাতন চালায়। গত ১৯ মার্চ ২০২৬ তারিখে সুফিয়ান নামের অপর এক অভিযুক্ত শাহিনের নাম ভাঙিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। একইভাবে গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে মেহেরাব আলী নামের আরেক আসামি ঘরে ঢুকে আগের দুই আসামির ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। দীর্ঘ সামাজিক ভয় ও হুমকির মুখ পেরিয়ে শেষ পর্যন্ত গত ৯ জুলাই ২০২৬ তারিখে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে চিরিরবন্দর থানায় তিনজনকে আসামি করে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-১১)।
​যেভাবে গ্রেফতার হলো প্রধান আসামি:
ঘটনাটি জানাজানি ও মামলা দায়েরের পর অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি-এর গোয়েন্দা দল আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ২ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৯:০০ ঘটিকায় সিপিসি-১, র‍্যাব-১৩, দিনাজপুর এবং সিপিএসসি, এসআরবি-১১, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চট্টগ্রাম রোড এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি শাহিনকে গ্রেফতার করে।
​গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
​এসআরবি-এর পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা এবং নারী ও শিশুদের প্রতি স্পর্শকাতর অপরাধসহ সমাজ থেকে হত্যা, অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ দমনে তাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

2

2