পূর্বাহ্ণ ০১:০৭
মঙ্গলবার
১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘলিয়ায় বাপাউবোর অধিগ্রহণকৃত জায়গায় জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন /
দিঘলিয়ায় বাপাউবোর অধিগ্রহণকৃত জায়গায় জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

ইসমাইল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনার দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের সোনাকুড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন স্থানে একই গ্রামের মোঃ মোতালেব শরীফের পুত্র মোঃ ওহিদুল শরীফ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অধিগ্রহণকৃত জায়গায় জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি সংস্থার অধিগ্রহণকৃত জমিতে অনুমোদন ও আইনগত প্রক্রিয়া উপেক্ষা করে স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের এক সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের সোনাকুড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশের জমিতে একই গ্রামের মোতালেব শরীফের পুত্র ওহিদুল শরীফ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের বিধিমালা লঙ্ঘণ করে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছে। উল্লেখিত সরকারি প্রতিষ্ঠানের ইতিপূর্বের নিষেধাজ্ঞা অমান্য করে পুণরায় অবৈধভাবে পাকা স্থাপনা নির্মিত হলেও তা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। ফলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তেরোখাদা উপজেলা শাখার উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা সরকারি সম্পত্তিতে জোর পূর্বক পাকা স্থাপনা নির্মাণের ব্যাপারে এবং সরকারি সম্পত্তি রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে গত ৭/৯/২০২৬ ইং তারিখে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম বরাবর পত্র দিয়েছেন। যার স্মারক নং ৪৭১/১(৫)।
স্থানীয়দের দাবি, বাপাউবোর অধিগ্রহণকৃত জায়গার সীমানা নির্ধারণ, মালিকানা ও স্থাপনা নির্মাণের বৈধতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সরকারি জায়গা দখলের সঙ্গে কারা জড়িত এবং তাদের পেছনে কোনো প্রভাবশালী মহলের পৃষ্ঠপোষকতা রয়েছে কি না—তা তদন্তের দাবি উঠেছে।

দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সংশ্লিষ্ট জমির ব্যাপারে ব্যবস্থা নিতে হলে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে নির্দেশনা আসতে হবে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম এ প্রতিবেদককে বলেন, পত্র পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

2

2