

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা
খুলনার দিঘলিয়া উপজেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হওয়ায় চাপ বাড়ছে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর। হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলা ও নতুন ভবনের তৃতীয় তলায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু গত আগস্ট মাসেই ভর্তি হয়েছেন ৯৬ জন। আর চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আট দিনেই নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি মাসে ভর্তি হওয়া ১৮ জন রোগীর মধ্যে ১৪ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা করে চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। পুরোনো ভবনের দ্বিতীয় তলা এবং নতুন ভবনের তৃতীয় তলায় ভর্তি রোগীদের চিকিৎসা চলছে।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বাড়ে। জমে থাকা পানি, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ ও মশার বংশবিস্তারের সুযোগ বন্ধ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।
এদিকে দিঘলিয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় মশা নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পাওয়া হাসপাতালের তথ্য বলছে—দিঘলিয়ায় ডেঙ্গু এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং ক্রমেই জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠছে।
আপনার মতামত লিখুন :