

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইতে ব্যাতিক্রম ধর্মী সামাজিক উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী।
ওই উদ্যোগের সারমর্ম হচ্ছে-মাদকের সাথে যুক্ত থাকলে মৃত্যুর পর
দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর।
মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক ভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা।
মাদক সেবন, বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্থানীয় মসজিদের মুসল্লি, মসজিদ কমিটি ও সচেতন সামাজিক লোকজন।
২১ আগস্ট (শুক্রবার) জুমা’র নামাজ শেষে মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাইতুশ শরফ জামে মসজিদে অনুষ্ঠিত এক আলোচনা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় অধিবাসীরা জানান-মাদক সেবন, বিক্রি, সরবরাহ সহ মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানানো হয়েছে। এর পাশাপাশি মাদকের সাথে জড়িতদের অপরাধমূলক কর্মকাণ্ডে কোনো ধরনের প্রশ্রয় না দেয়া, তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং মাদক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
স্থানীয় লোকজনরা আরো জানান, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার ও সমাজের প্রতিটি স্তর থেকে এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
গঠিত মাদক নির্মূল কমিটির সভাপতি আব্দুর আল রহিম বলেন, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের মুসল্লিদের সিদ্ধান্ত অনুযায়ী মাদকের সাথে জড়িতদের সামাজিক ভাবে ৫টি বিষয়ে বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১, মৃত্যুর পর তাদের সামাজিকভাবে দাফন করা হবে না, ২- মসজিদের খাটিয়া ব্যবহার করতে দেয়া হবে না, ৩- মসজিদের ইমাম তাদের বাড়িতে খাবার গ্রহণ করবেন না, ৪- তাদের পরিবারের সামাজিক অনুষ্ঠানে কেউ অংশ নেবেন না এবং ৫- মাদকের সাথে জড়িত থাকলে তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য কাউকে অপমান করা নয়। মাদকের বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ ও সচেতন করা এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সবাইকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজে বাঁচতে এবং সমাজকে বাঁচাতে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়।’
আপনার মতামত লিখুন :