

এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন, পুলিশ, কৃষি ও নির্বাচন বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), নিয়ামতপুর উপজেলা শাখা। গত বুধবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৃথকভাবে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।সম্মাননা প্রদানকালে বিএমএসএফ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সায়েমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম,নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আশরাফুল হক-এর হাতে বিএমএসএফ-এর পক্ষ থেকে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিক নেতারা বলেন, একটি উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা, কৃষি উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার তুলে ধরতে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। গণমাধ্যম ও প্রশাসন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং জনস্বার্থে নিয়োজিত দুটি গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন বিএমএসএফ-এর এই উদ্যোগকে আন্তরিকভাবে গ্রহণ করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কাজে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, কৃষকদের সমস্যা ও সম্ভাবনা এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সংগঠনের নেতারা প্রত্যাশা ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক এবং সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
আপনার মতামত লিখুন :