

মোঃআইয়ুবআলী, লালপুর (নাটোর):
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীর চর এবং ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে ভরাট মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আজ ১৯ জুলাই ২০২৬ (রবিবার) উপজেলার বিলমারিয়া ইউনিয়নের বন্দোবস্ত গোবিন্দপুর এলাকায় এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন ঘটনাস্থলে অবৈধভাবে মাটি কাটার সত্যতা মেলায় ‘ই.এস’ ইটভাটার মালিক জনাব মো: ইদবার আলী (৫৩)-কে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বন্দোবস্ত গোবিন্দপুর এলাকায় পদ্মা নদীর চর ও আশেপাশের কৃষিজমি থেকে ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এতে একদিকে যেমন নদীর তীরবর্তী পরিবেশ হুমকিতে পড়ছিল, অন্যদিকে ফসলি জমির মারাত্মক ক্ষতি হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঝটিকা অভিযান চালানো হয়।অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, পরিবেশ বিপর্যয় রোধ এবং কৃষিজমি রক্ষায় সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। আইন অমান্য করে যারা নদী ও ফসলি জমি ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা একটি কঠোর বার্তা।আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করে লালপুর থানা পুলিশ এবং বাংলাদেশ আনসার বাহিনীর একটি চৌকস টিম।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি, পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষার্থে এবং জনস্বার্থে প্রশাসনের এই ধরনের উচ্ছেদ ও জরিমানামূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।মোঃআইয়ুব আলী,লালপুর,নাটোর।
আপনার মতামত লিখুন :