

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। এরই ধারাবাহিকতায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষকদের জন্য কৃষক কার্ড প্রণয়নের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রকৃত কৃষকদের একটি হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরি করা হবে। ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, কৃষিযন্ত্র বিতরণ, কৃষি প্রশিক্ষণ, ভর্তুকি, উন্নত বীজ, সার এবং অন্যান্য কৃষিসেবা দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে কৃষকদের কাছে পৌঁছে দিতে এ তথ্যভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দেশের প্রতিটি উপজেলায় ইউনিয়নভিত্তিক নির্ধারিত ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহের সময় কৃষকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বর, কৃষিজমির পরিমাণ, জমির অবস্থানসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে।
বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজীব আল মারুফ জানান, উপজেলার জোনাইল ইউনিয়ন দারিকুশি ব্লকে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ব্লকে ইতোমধ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে ১৬ জন উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করছেন।
তিনি আরও জানান, কৃষকদের নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করতে হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রকৃত কৃষকদের সরকারি সহায়তা ও কৃষিসেবা নিশ্চিত করা আরও সহজ ও কার্যকর হবে।
কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, কৃষি বিভাগ এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করছেন।
আপনার মতামত লিখুন :