

মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুরে মাদকাসক্ত মামার বিরুদ্ধে ভাগ্নের শখের বাইসাইকেল চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের আপন ভাইয়ের বিরুদ্ধে থানায় চুরির মামলা দায়ের করেছেন এক বোন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মামাকে গ্রেফতার এবং চুরি হওয়া সাইকেলটি উদ্ধার করেছে।শনিবার (১৮ জুলাই) লালপুর থানা পুলিশ পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামির নাম মোঃ জাহাঙ্গীর হোসেন কালু (৩৬)। সে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার টিটিয়া (আবেদ মোড়) গ্রামের বাসিন্দা মোছাঃ মরিয়ম খাতুন (৩৯) তাঁর আপন ভাই জাহাঙ্গীর হোসেন কালুর বিরুদ্ধে লালপুর থানায় একটি চুরির মামলা (মামলা নং-২১, তারিখ: ১৮/০৭/২০২৬ ইং, ধারা-৩৭৯ পেনাল কোড) দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, নেশার টাকা জোগাড় করতে জাহাঙ্গীর হোসেন তাঁর ভাগ্নের ২২ হাজার টাকা মূল্যের একটি শখের বাইসাইকেল চুরি করে পালিয়ে যায়।মামলা রুজুর পরপরই লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ হাই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আসামি কালুকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া লাল ও সবুজ রঙের দুই চাকা বিশিষ্ট বাইসাইকেলটি উদ্ধার করে পুলিশ।লালপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আজ রবিবার (১৯ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :