[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭: ১৩ জনই নওগাঁর মান্দার চুল ব্যবসায়ী।


sohel প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১২:১৩ অপরাহ্ন /
টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭: ১৩ জনই নওগাঁর মান্দার চুল ব্যবসায়ী।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্তে রড বোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতদের অনেকেই পবিত্র ঈদুল আজহার উদযাপনে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।

ভয়াবহ এই দুর্ঘটনায় সবচেয়ে বড় শোকের ছায়া নেমে এসেছে নওগাঁর মান্দা উপজেলায়। নিহত ১৭ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বলাক্ষেত্র ও ভেবড়া গ্রামের বাসিন্দা। তারা সবাই পেশায় চুল ব্যবসায়ী ছিলেন। কর্মস্থল থেকে ঈদ কাটাতে একসঙ্গে বাড়ি ফেরার পথেই তারা এই দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী রড বোঝাই ট্রাকটি সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ট্রাকটি রাস্তার পাশে গভীর খাদে উল্টে যায়। রডের নিচে চাপা পড়ে এবং প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই ১৭ জন যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

এদিকে একসঙ্গে ১৩ জন চুল ব্যবসায়ীর মৃত্যুর খবর বলাক্ষেত্র ও ভেবড়া গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের বুক ফাটানো আর্তনাদ ও কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে গভীর বিষাদে। নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে আনার প্রস্তুতি চলছে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Bangla Photocard Generatorv3.7