

নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা কেবল শারীরিক কসরত নয়, জাতীয় উন্নয়নে এর ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে দেশব্যাপী শুরু হওয়া ‘নতুন কুঁড়ি উৎসব ২০২৬’ বিশেষ গুরুত্ব বহন করছে।
শুক্রবার বিকেলে রাজশাহীর পবার হরিয়ান সুচারণ গ্রামের তরুণ ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত ‘জামাল, শহীদুল ও অন্যান্য প্রয়াত ব্যক্তিদের স্মরণে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, “খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন শরীরচর্চা হয়, তেমনি মানুষের মননশীলতা বৃদ্ধি পায়। এটি দেশ ও জাতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি খেলোয়াড়দের খুব দ্রুত পরিচিতি ও সম্মান এনে দেয়।
তিনি আরও জানান, বর্তমান সরকার খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চতুর্থ শ্রেণি থেকেই বেশ কিছু বিষয় বাধ্যতামূলক করেছে। ‘নতুন কুঁড়ি উৎসব’-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই উৎসব কেবল একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়। এটি গ্রাম পর্যায় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা এবং জেলা সদর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে। শুধু ফুটবল নয়, বিভিন্ন ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।” এ সময় তিনি খেলোয়াড়দের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি আলহাজ্ব মো. আয়নাল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি শাখার আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক এবং যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মেদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, হরিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুনসুর রহমান এবং ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
আপনার মতামত লিখুন :