

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম শহরের বায়েজিদ রোফাবাদ এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শিশু সহ ২ জন আহত হয়েছে।
সূত্রে পাওয়া সংবাদে প্রকাশ- ৭ মে (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় ওই গোলাগুলির রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’টি সন্ত্রাসী গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। আর তার-ই জের ধরে রাতে উভয় পক্ষ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
গোলাগুলি ঘটনার এক পর্যায়ে সন্ত্রাসীদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় ঘরের সামনে থাকা এক শিশু ও আরো একজন গুলিবিদ্ধ হয়।
স্থানীয় অধিবাসীরা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক গুলিবিদ্ধ হওয়া ওই যুবককে মৃত ঘোষণা করেন।
এবং গুলিবিদ্ধ শিশুটি বর্তমানে সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর পর-ই স্থানীয় বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার সাথে জড়িতদের ধরতে চিরুনি অভিযান শুরু হয়েছে। সন্ত্রাসমুক্ত চট্টগ্রাম গড়তে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :