

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীর বাঘার মোমিনুল ইসলাম আবারো জাতীয় পর্যায়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন সম্মানজনক “বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড”। সোমবার (৪ মে, ২০২৬) দুপুরে ঢাকার সাভারে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (বিসিডিএম) প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে সারা দেশের ২৬৮টি উপজেলার মধ্যে মোমিনুল ইসলাম অনন্য রেকর্ড গড়েছেন। তার উল্লেখযোগ্য সাফল্যের ক্ষেত্রগুলো হলো বিনামূল্যে আইনি সেবা: তৃণমূলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় দ্রুততম সময়ে আইনি সেবা পৌঁছে দেওয়া।
নারীর ক্ষমতায়ন: কিশোরী ও নারীদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন। সামাজিক পরিবর্তন: বাল্যবিয়ে প্রতিরোধ এবং সমাজে সম্প্রীতি বজায় রাখতে সক্রিয় অবদান।
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ মোমিনুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহযোগী পরিচালক (সেলপ, সোশ্যাল কমপ্লায়েন্স এবং জেন্ডার জাস্টিস) শাশ্বতী বিপ্লব, কর্মসূচি প্রধান মোঃ মাসুদুর রহমান, কর্মসূচি সমন্বয়কারী (অপারেশনস) পলাশ কুমার ঘোষ, এডভোকেসি এন্ড পলিসি লিড এটিএম মোর্শেদ আলম।
এছাড়াও দেশের ৩৩টি জেলা থেকে আগত জেলা ব্যবস্থাপক, ডেপুটি ম্যানেজার, জোনাল ম্যানেজার এবং অন্যান্য সহকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মোমিনুল ইসলামের জন্য জাতীয় পুরস্কার এবারই প্রথম নয়। ইতিপূর্বেও তিনি তার কর্মদক্ষতার ছাপ রেখেছেন। ২০২০ সালে সিইপি কর্মসূচি থেকে “বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড”, ২০২১ সালে ব্র্যাকের সর্বোচ্চ সম্মাননা “স্যার ফজলে হাসান আবেদ মূল্যবোধ পুরস্কার”,২০২৪ সালে “ইতিবাচক পুরুষালী আচরণ সম্মাননা পদক” পেয়েছেন তিনি।
মোমিনুল ইসলাম বলেন, “নিষ্ঠা এবং সততার সাথে মানুষের সেবা করাই আমার লক্ষ্য। এই স্বীকৃতি আমাকে আগামীতে আরও উদ্যমে কাজ করার প্রেরণা জোগাবে।”
ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক মোমিনুল ইসলাম তার মানবিক কাজের মাধ্যমে বাঘা উপজেলার মানুষের কাছে এক আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তার এই অর্জনে এলাকায় আনন্দের জোয়ার বইছে।
এদিকে তার এই অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :