পূর্বাহ্ণ ০৯:৪২
শুক্রবার
৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন তুললেন রাজশাহীর ৫১ নেত্রী


sohel প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ২:৩০ অপরাহ্ন /
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন তুললেন রাজশাহীর ৫১ নেত্রী

আমাদের জন্মভুমি ডেক্স

রাজশাহী বিভাগে বিএনপির সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫১ জন নেত্রী। শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত এসব ফরম তোলা হয়। শেষ দিন রোববার (১২ এপ্রিল) আরও অনেকে ফরম সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।
রাজশাহী বিভাগে জাতীয় সংসদের মোট ৩৯টি সাধারণ আসন রয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন নির্ধারিত হওয়ায় এ বিভাগে প্রায় ৫টি সংরক্ষিত আসন থাকার কথা। তবে দ্বাদশ জাতীয় সংসদে এ বিভাগের জন্য ৬ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সংরক্ষিত এসব আসনের মধ্যে বিএনপি ও জামায়াত জোট কতটি করে পাবে- এ নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বিএনপির নারী নেত্রীরা মনোনয়ন পেতে সক্রিয়ভাবে প্রচেষ্টা চালালেও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের নাম এখনো প্রকাশ্যে আসেনি।
বিভাগের জেলাভিত্তিক সম্ভাব্য বণ্টনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-নাটোর অঞ্চলে ২টি, নওগাঁ-বগুড়া-জয়পুরহাট অঞ্চলে ২ থেকে ৩টি এবং পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলে ১টি সংরক্ষিত নারী আসন থাকতে পারে। এসব আসনে মনোনয়ন পেতে অর্ধশতাধিক নারী নেতা ইতোমধ্যে দলীয় ফরম সংগ্রহ করেছেন। কোনো কোনো জেলায় ৫ থেকে ৭ জন পর্যন্ত নেত্রী ফরম তুলেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২৯টি এবং জামায়াত জোট পেয়েছে ১০টি আসন। আগামী ১২ মে’র আগে প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত হতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী, কেন্দ্রীয় কমিটির সদস্য জাহান পান্না, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন এবং চারঘাটের নেত্রী নাজমা আক্তার মনোনয়ন ফরম তুলেছেন। এছাড়া মাহমুদা হাবিবা, রোখসানা বেগম টুকটুকি, সাবেক কাউন্সিলর শামসুন নাহারও ফরম সংগ্রহ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, মাসুদা আফরোজ সুচি ও শাহনাজ খাতুন ফরম নিয়েছেন। পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলে পূর্ণিমা ইসলাম, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, রুমানা মাহমুদসহ মোট আটজন ফরম সংগ্রহ করেছেন।
বগুড়ায় অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানু, নাজমা আকতার, সুরাইয়া জেরিন রনি, রহিমা খাতুন মেরী ও নিহার সুলতানা তিথিসহ একাধিক নেত্রী ফরম তুলেছেন। জয়পুরহাট, নওগাঁ ও নাটোরেও একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে।
এদিকে, রাজশাহী বিভাগে জামায়াতের সংরক্ষিত নারী প্রার্থীদের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।