
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৯,৮৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. ইয়াদুল ইসলাম (৪০), পিতা- একাব্বর আলী, সাং- থানাপাড়া (মাঠপাড়া), থানা- চারঘাট, জেলা- রাজশাহী।
২. মো. নয়ন ইসলাম (২৪), পিতা- জাহাঙ্গীর আলম, সাং- মনিগ্রাম, থানা- বাঘা, জেলা- রাজশাহী।
অভিযানের বিবরণ:
এসআরবি সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে এসআরবি-০৫ (সিপিএসসি, রাজশাহী) এবং এসআরবি-১১ (সদর কোম্পানি, নারায়ণগঞ্জ)-এর একটি চৌকস যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রাকে করে মাদকের একটি বড় চালান নিয়ে আসা হচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। পরে সন্দেহভাজন ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-৩৪৮১) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে আসামিদের হেফাজত থেকে ৯,৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত হলুদ-নীল রঙের ট্রাকটি জব্দ করা হয়।
আইনগত ব্যবস্থা:
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :