
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ লক্ষ্যে শনিবার বিনোদপুর বাজারের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
পরিদর্শন শেষে বিনোদপুর সিটি মার্কেটে বাজার সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সভায় ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের সম্ভাবনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় ব্যবসায়ীরা এ উদ্যোগ বাস্তবায়নে রাসিক প্রশাসককে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের মাধ্যমে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে কাজ করছে সিটি করপোরেশন। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন বাবু, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক বরজাহান আলী, সমিতির সাবেক সভাপতি শাহজাহান আলী, ব্যবসায়ী রব্বান আলী ও সাইদুর রহমান।
এ সময় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদর রহমান ইমনসহ বাজার সমিতির সদস্য ও ফুটপাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক লিটনুর রহমান লিটন, ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) বিএনপির সভাপতি আজাদ আলী ও সাধারণ সম্পাদক আব্বাস আলী, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামিল ও সাধারণ সম্পাদক শাহাদ আলী, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান আলী, ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মুকুল আলী এবং ২৮ নম্বর ওয়ার্ড (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :